...|...|...

বিশ্ব

রাশিয়ার গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৬
Shares
রাশিয়ার গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা এবং গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ রয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্লুচেস্টারের কাছে ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে যুক্তরাজ্যের ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ২০২৩’-এর দুটি ধারা লঙ্ঘনের সন্দেহ রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করা এবং সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ করা।

পুলিশ জানায়, এ ঘটনায় তাদের সন্ত্রাসবিরোধী ইউনিট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশিংয়ের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়কারী ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ গ্রেফতার ও তদন্ত। অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং তদন্ত কার্যক্রম পুরোদমে চলছে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেলও গ্রেফতারের ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

প্যাটেল আরও বলেন, যারা যুক্তরাষ্ট্রের প্রতি নেওয়া শপথ ভঙ্গ করে এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশটির পাশাপাশি মিত্রদের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলে, তাদের প্রতি এফবিআইয়ের কোনো সহনশীলতা নেই।

এদিকে, ইউএস আর্মি কাউন্টার-ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল শন স্টিনচন বলেন, এ ঘটনা অংশীদারত্বের শক্তি এবং পাল্টা গোয়েন্দা তৎপরতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দৃঢ় সংকল্পের প্রমাণ।

পুলিশ জানিয়েছে, গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। গ্রেফতার ব্যক্তিকে বর্তমানে লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রাখা হয়েছে।

তবে পুলিশ স্পষ্ট করেছে, এই গ্রেফতারের সঙ্গে অন্য কোনো সন্ত্রাসবিরোধী তদন্তের যোগসূত্র নেই। অর্থাৎ, গত সেপ্টেম্বরে গ্লুচেস্টারের কাছে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি ঘাঁটিতে ইরান-সংশ্লিষ্ট ষড়যন্ত্রের যে সন্দেহ তৈরি হয়েছিল, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।

ওই সন্দেহের পর মার্কিন বিমান বাহিনী তাদের বোমারু বিমানগুলো আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সরিয়ে নিয়েছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় ইরানে হামলা চালানোর কাজে এসব বিমান ব্যবহার করা হয়েছিল।