...|...|...

বিশ্ব

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৮
Shares
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, পাথর নিক্ষেপের চেষ্টা প্রতিহত করতেই তারা গুলি চালিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গভীর রাতে পশ্চিম তীরের নাবলুস শহরের উত্তর-পশ্চিমে বুরকা গ্রামে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কিশোরের নাম মোতাজ ইয়াদ দাগলাস। তার বয়স ১৪ বছর।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের উদ্ধারকারী দল গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। তবে ইসরায়েলি সেনারা আরও একজন আহত ব্যক্তির কাছে চিকিৎসাকর্মীদের পৌঁছাতে বাধা দেয়। এ সময় সংস্থাটির তিন স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীকেও আটক করা হয়।

এ ঘটনার বিষয়ে এএফপির প্রশ্নের জবাবে মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, ওই এলাকায় পাথর নিক্ষেপ ও কথিত সন্ত্রাসী হামলা প্রতিহত করতে তারা অভিযান চালিয়েছে।

ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, কয়েকজন ফিলিস্তিনি ইসরায়েলি যানবাহন চলাচলকারী একটি মহাসড়কে পাথর নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই এলাকায় এর আগেও ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।

সামরিক বাহিনী আরও জানায়, সম্ভাব্য হুমকি দূর করতে সেনারা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। 

১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সামরিক অভিযান ও গুলিবর্ষণের ঘটনা নিয়মিত ঘটছে। পাথর নিক্ষেপের অভিযোগে অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিদের লক্ষ্য করেও ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর নজির রয়েছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি'ৎসেলেমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ২৪১ শিশু-কিশোর নিহত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে সহিংসতা আরও বেড়েছে। বিশেষ করে ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের আগে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরের কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন।

এএফপির হিসাবে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।