...|...|...

বিশ্ব

মার্কিন চাপের মধ্যেই ইরানের সাথে সীমান্ত ক্রসিং খুলে দিল ইরাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
মার্কিন চাপের মধ্যেই ইরানের সাথে সীমান্ত ক্রসিং খুলে দিল ইরাক

ছবি: সংগৃহীত

ইরানকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যেই দেশটির সাথে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে ইরাক। প্রায় এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১০ নভেম্বর) ইরাকের মিসান প্রদেশের আল-শিব সীমান্ত ক্রসিং দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন কার্যক্রম আবারও চালু করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, গত অক্টোবরে আল-শিব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় ইরাক সরকার। দেশটির দুটি রাজনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, প্রতিবেশী ইরানের সাথে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধ করতে বাগদাদের ওপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র।

ইরাকের সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের প্রধান আলা আল-ওয়ায়েলি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএকে জানিয়েছেন, প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে আল-শিব সীমান্ত ক্রসিংয়ের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

তিনি বলেন, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তবে একই সাথে দিয়ালা প্রদেশের আল-মানদালি সীমান্ত ক্রসিং শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণকাজের জন্য ক্রসিংটি বন্ধ থাকবে।

এদিকে আল-শিব সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইরাকের কেন্দ্রীয় সরকার ও মিসান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে একাধিক বিক্ষোভও অনুষ্ঠিত হয়।

এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলার পর ইরানের সাথে কয়েকটি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ করে দেয় বাগদাদ। ইরাকি কর্তৃপক্ষের অনুসন্ধানে ওই হামলার উৎস আল-শিব সীমান্তের কাছাকাছি একটি এলাকা বলে চিহ্নিত হয়েছিল। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো তেহরানকে সমর্থন দিয়ে আসছে। এসব গোষ্ঠী ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত হামলা চালানোর দাবি করেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও আল-শিব সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার সিদ্ধান্ত ইরাক ও ইরানের মধ্যে যোগাযোগ এবং পণ্য পরিবহন স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।