যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ বন্ধের প্রশ্নে আরও আত্মবিশ্বাসী ও কঠোর অবস্থান তুলে ধরছে ইরান। দেশটির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না করে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা সম্ভব নয়। একই সাথে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে নতুন আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়েও জোর দিচ্ছে ইরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক বক্তব্যে আগের তুলনায় আত্মবিশ্বাস ও বিজয়ের দাবি আরও স্পষ্ট হয়ে উঠেছে। দেশটির সরকার অভ্যন্তরীণ জনগণ এবং ওয়াশিংটন—উভয় পক্ষকেই বোঝাতে চাইছে, ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা দেন। তিনি ওয়াশিংটনকে ইরানের সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানান। একই সাথে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়ায় নতুন আঞ্চলিক ব্যবস্থার বাস্তবতা স্বীকার করার কথাও বলেন।
রেজায়ির বক্তব্যে যুদ্ধের ফলাফল নিয়ে ইরানের আত্মবিশ্বাসী মনোভাব ফুটে উঠেছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়। তেহরানের দৃষ্টিতে, পশ্চিম এশিয়ায় নতুন আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অর্থ হলো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মার্কিন প্রভাব ও আধিপত্যের অবসান।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান ইরানের কূটনৈতিক ও রাজনৈতিক লক্ষ্যগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তেহরান শুধু যুদ্ধ বন্ধ করতে চাইছে না, বরং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন দেখতে চায়।
তবে ইরানের এমন বক্তব্য নতুন নয়। যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির কর্মকর্তারা একই ধরনের অবস্থান তুলে ধরে আসছেন। সাম্প্রতিক সময়ে তাঁদের বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বিজয়ের দাবি এবং নিজেদের অবস্থানের প্রতি আস্থা আরও জোরালো হয়েছে।
এর আগে ইরান জানিয়েছিল, যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে আঞ্চলিক সংঘাত বন্ধ, ইরানের জব্দ করা অর্থ ছাড়, নৌ-অবরোধ প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো দাবি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও শর্ত পূরণের প্রশ্নে দুই পক্ষের অবস্থানে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
ফলে যুদ্ধের অবসান নিয়ে নতুন করে আশার সঞ্চার হলেও তেহরানের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হচ্ছে, নিজেদের রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত দাবি পূরণ ছাড়া সমঝোতায় যেতে রাজি নয় ইরান।


