...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০২
Shares
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানে কূটনৈতিক আলোচনার নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ পর্যন্ত কমেছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে সামরিক হামলার আশঙ্কাকে গুরুত্ব না দেওয়ার পর তেলের বাজারে এই পতন দেখা যায়। তাঁর মন্তব্যের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

এদিকে তেলের দর কমে যাওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওয়াল স্ট্রিটের প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। অন্যদিকে প্রযুক্তিপ্রধান নাসডাক সূচক বেড়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।

বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা সম্পর্কে স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি রয়টার্সকে বলেন, ‘তেলের দাম কমে যাওয়াটা নিশ্চিতভাবেই বাজারের ইতিবাচক প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে।’

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতেও সূচকের উত্থান দেখা গেছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক বেড়েছে ১ শতাংশ। একই সময়ে প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও কমতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার অগ্রগতি তেলের বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।