মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) এক পদ্ধতিগত ভোটাভুটিতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রিপাবলিকান-নিয়ন্ত্রিত বিচারবিষয়ক কমিটিতে পাঠানোর প্রস্তাব পাস হয়েছে। এর ফলে অভিশংসনের অভিযোগগুলোর ওপর প্রতিনিধি পরিষদে সরাসরি ভোটাভুটি আপাতত আটকে গেল।
অভিযোগগুলো কমিটিতে পাঠানোর প্রস্তাবের পক্ষে ভোট দেন ২১১ জন সদস্য, বিপক্ষে ছিলেন ২০৪ জন। ভোট দেওয়া রিপাবলিকান সদস্যদের মধ্যে একমাত্র থমাস ম্যাসি প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেন। তার সাথে কমিটিতে পাঠানোর বিরোধিতা করেন ভোটে অংশ নেওয়া ডেমোক্র্যাট সদস্যরাও।
কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসিই হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন। এতে সমর্থন জানিয়েছিলেন ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধিরা। তবে অভিযোগগুলো বিচারবিষয়ক কমিটিতে পাঠানোয় অভিশংসন প্রক্রিয়া দীর্ঘায়িত করার এবং আটটি অভিযোগের ওপর সরাসরি ভোট এড়ানোর সুযোগ পেলেন রিপাবলিকানরা।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর এই ভোটাভুটি হলো। ইরান যুদ্ধ ও এর প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধিকে নির্বাচনী বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন দলটিরই কেউ কেউ। এমন পরিস্থিতিতে রিপাবলিকান আইনপ্রণেতারা ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে সরে এসে হেগসেথের বিরুদ্ধে ভোট দেবেন কি না, তা নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত ভোটে অংশ নেওয়া প্রায় সব রিপাবলিকানই তার পাশে দাঁড়ান।
ম্যাসির অভিশংসন প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে আটটি পৃথক অভিযোগ আনা হয়। এর মধ্যে অন্যতম হলো, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ শুরু করার অভিযোগ। মাদক পাচারে জড়িত সন্দেহে বিভিন্ন নৌযানে হামলা পরিচালনার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। আইনবিশেষজ্ঞদের মতে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।
হেগসেথ অবশ্য অভিশংসনের এই উদ্যোগকে ‘অন্তর্ঘাত’ ও ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যরাও হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
ভোটাভুটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার ডেমোক্র্যাটদের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে! থমাস ম্যাসি—যিনি একজন বড় ধরনের ‘পরাজিত ব্যক্তি’ —তিনি ছাড়া বাকি সব রিপাবলিকান পিটের পক্ষে ভোট দিয়েছেন।”
এদিকে ট্রাম্প প্রশাসনে হেগসেথের অবস্থান নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। জনমত জরিপগুলোয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য ভোটাররা আংশিকভাবে ইরান যুদ্ধকে দায়ী করছেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর হেগসেথের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে হেগসেথের দেওয়া তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন বিদায়ী রিপাবলিকান সিনেটর জোনি আর্নস্ট। মঙ্গলবার তিনি বলেন, “যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে তিনি কি সত্য কথা বলছেন?”
তবে প্রতিনিধি পরিষদে অভিশংসনের উদ্যোগ এগোলেও সিনেটে হেগসেথকে দোষী সাব্যস্ত করে পদ থেকে অপসারণ করা কঠিন হতো। অভিশংসনের পর বিচার হয় সিনেটে, যেখানে দোষী সাব্যস্ত করতে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। বর্তমান সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে। ফলে দলটির উল্লেখযোগ্যসংখ্যক সদস্যের সমর্থন ছাড়া তাঁকে অপসারণের সুযোগ ছিল সীমিত।


