...|...|...

খেলা

নারী ক্রিকেটে ফিটনেস পরীক্ষায় কঠোর হচ্ছে বিসিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১:২০
Shares
নারী ক্রিকেটে ফিটনেস পরীক্ষায় কঠোর হচ্ছে বিসিবি

ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠার পর এবার এ বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছেলেদের ক্রিকেটারদের মতো নারী দলের খেলোয়াড়দেরও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টুর্নামেন্টের আগে নিয়মিতভাবে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

সংবাদমাধ্যমকে নারী বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন থেকে ফিটনেসে আরো মনোযোগ দেওয়া হবে। ছেলেরা যেভাবে পাস করে মেয়েদের ক্ষেত্রেও একই। ফিটনেসে যে দুর্বলতা রয়েছে এটার জন্যই এমনটা। টুর্নামেন্টের আগে এখন থেকে ফিটনেস পরীক্ষা হবে।’

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভালো সময় পার করছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্যেই ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান।

তিনি বলেন, 'নারী দলের ক্রিকেটারদের ফিটনেসে ঘাটতি রয়েছে। তাদেরকে এটা নিয়ে আমি অনেক সময় সচেতন হতে বলেছি, যে কারণে তারা রাগও করেছে। উল্টো বলেছে আমার ব্যবহার খারাপ। ফিটনেস নিয়ে সবসময় আমি সচেতনতার কথা বলেছিলাম।

এদিকে নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে টুর্নামেন্টের ভেন্যুতেও পৌঁছে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।