...|...|...

খেলা

যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় নতুন স্বপ্ন জাহেরের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৬
Shares
যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় নতুন স্বপ্ন জাহেরের

ছবি: সংগৃহীত

সুদানের গৃহযুদ্ধে ড্রোন হামলায় দুই পা হারিয়েছিল ১৩ বছরের শিশু জাহের। থেমে গিয়েছিল বন্ধুদের সাথে ফুটবল খেলার স্বপ্ন। তবে চিকিৎসা ও মানুষের সহযোগিতায় কৃত্রিম পায়ে আবার হাঁটতে শিখেছে সে। এবার প্রিয় ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের ভিডিও বার্তা ও মাদ্রিদে দেখা করার আমন্ত্রণে নতুন করে স্বপ্ন দেখছে যুদ্ধাহত এই শিশু।

সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে নিজের বাসায় বসে ভিনিসিয়ুসের ভিডিও বার্তাটি দেখে জাহের। সুদানের রাজধানী খার্তুমে যুদ্ধের সময় দুই পা হারানোর পর চিকিৎসার জন্য মা হাবিবার সাথে তাকে কায়রোতে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে তার দুর্দশার গল্প প্রকাশের পর বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সহায়তায় এগিয়ে আসেন।

২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরুর পর জাহেরের জীবন বদলে যায়। ২০২৪ সালে খার্তুমে জীবিকা চালাতে মা-ছেলে রাস্তায় মসুর ডাল বিক্রি করতেন। এক সকালে কাজ করার সময় তাদের ওপর ড্রোন হামলা হয়। এতে জাহেরের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

হামলার স্মৃতি স্মরণ করে হাবিবা বলেছিলেন, ‘আমি ওর দিকে তাকালাম। ও রক্তাক্ত। চারদিকে শুধু রক্ত।’

পা হারানোর পরও ফুটবলের প্রতি ভালোবাসা ছাড়েনি জাহের। হুইলচেয়ারে ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে বেড়াত, হাঁটুর ওপর ভর করে বল নিয়ে খেলার চেষ্টা করত। ছেলের কষ্টের কথা জানিয়ে হাবিবা বলেন, ঘুম থেকে উঠে জাহের প্রায়ই জানতে চাইত, কেন তার পা কেটে ফেলতে দেওয়া হয়েছিল। জাহের বলেছিল, ‘আমি যদি দুটো পা পেতাম, তাহলে আগের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে পারতাম।’

বিবিসির প্রতিবেদন প্রকাশের পর জাহেরের চিকিৎসায় এগিয়ে আসেন যুক্তরাজ্যপ্রবাসী সুদানি বংশোদ্ভূত আইনজীবী দেনা লতিফ। তার উদ্যোগে অনলাইন প্রচারণায় ৪৫ হাজার পাউন্ড, প্রায় ৬০ হাজার ডলার সংগ্রহ হয়। প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে জাহের ও তার মাকে কায়রোতে নেওয়া হয়।

সেখানে জাহেরের অস্ত্রোপচার, কয়েক মাসের ফিজিওথেরাপি ও কৃত্রিম পায়ে হাঁটার প্রশিক্ষণ চলে। মানসিক ক্ষত কাটিয়ে উঠতে মনোবিজ্ঞানীর সহায়তাও দেওয়া হয় তাকে।

জাহেরের চিকিৎসায় যুক্ত ছিলেন ডা. বিনতেলমুনা এলতায়েব। তিনি বলেন, ‘ও লাজুক ছিল, কিছুটা বিষণ্ন, মনমরা। ওর মুখে হাসি ফোটানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছেন, ও হাসছে। নিজের ওপর ওর দারুণ আস্থা।’

চিকিৎসার পর নতুন কৃত্রিম পায়ে হাঁটতে শিখেছে জাহের। ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। ঘোড়ায় চড়া ও সাইকেল চালানোর প্রতিও আগ্রহ তৈরি হয়েছে তার।

বিবিসির প্রতিবেদনে জাহের জানিয়েছিল, তার প্রিয় ফুটবলার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। বিষয়টি জানার পর তাকে ভিডিও বার্তা পাঠান ভিনিসিয়ুস। সেখানে তিনি বলেন, ‘তোমার গল্প আমি জেনেছি। আমি জানি, গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল।’

জাহেরকে উৎসাহ দিয়ে ভিনিসিয়ুস আরও বলেন, ‘তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ মানুষ। আমি সত্যিই আশা করি, তুমি তোমার নতুন কৃত্রিম পায়ের যথাযথ ব্যবহার করবে, আবার ফুটবল খেলায় ফিরবে এবং সুখ খুঁজে পাবে। এটা তোমার পাওনা।’

এরপর জাহেরকে মাদ্রিদে নিজের খেলা দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘আমি তোমাকে মাদ্রিদের একটা ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানাতে চাই। আমরা পুরো দিনটা একসাথে কাটাতে পারব।’

প্রিয় তারকার বার্তা শুনে আবেগ ধরে রাখতে পারেনি জাহের। কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে পরে ভিনিসিয়ুসের নতুন জার্সি পরে ফিরে আসে। জাহের বলে, ‘ভিনিসিয়ুসকে বলবেন, আমি তাকে ভালোবাসি। তার কথায় আমি সত্যিই অনেক অনুপ্রাণিত হয়েছি।’

ফুটবলের পাশাপাশি বড় হয়ে বিমানের পাইলট হওয়ার স্বপ্নও দেখে সে। এরই মধ্যে মা হাবিবার সাথে কায়রো ছেড়ে খার্তুমে ফিরেছে জাহের। তবে শহরটির অনেক এলাকা এখনো ধ্বংসস্তূপ। যুক্তরাষ্ট্রসহ ৩০টির বেশি পশ্চিমা দেশের সাম্প্রতিক এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের ৪১ শতাংশ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে।

জাহের নতুন করে হাঁটতে শিখেছে, স্বপ্ন দেখছে প্রিয় তারকার সাথে দেখা করার। কিন্তু সুদানে এখনো লাখ লাখ শিশু যুদ্ধের কারণে শৈশব, পরিবার ও স্বাভাবিক জীবন হারাচ্ছে। তাদের অনেকের কাছে এখনো ফেরেনি বেঁচে থাকার স্বাভাবিক সুযোগ।