রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ পাচ্ছেন না ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক ফেলিপে। গত মৌসুমে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে দুর্দান্ত সময় কাটিয়ে ফিরলেও স্প্যানিশ ক্লাবটিতে বেশিরভাগ সময় কাটছে বেঞ্চে। নিয়মিত মাঠে নামার সুযোগ পেতে এবার জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির দিকে তাকিয়ে আছেন তিনি। রিয়াল কোচ হোসে মরিনহো চান, ব্রাজিলের হয়ে যেন বেশি সময় মাঠে থাকতে পারেন এই ফরোয়ার্ড।
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ উপলক্ষে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন এন্ড্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র। গত শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ৮৪ মিনিটে এন্ড্রিককে মাঠে নামান মরিনহো। ম্যাচ শেষে ব্রাজিল দলে রিয়ালের খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তির কাছে এন্ড্রিককে বেশি খেলানোর অনুরোধ জানান তিনি।
মরিনহো বলেন, ‘কার্লোর (আনচেলত্তি) সাথে ব্রাজিল দলে কারা যাচ্ছে, তা দেখুন। ভিনিসিয়ুস জুনিয়রকে তো খেলতেই হবে। এন্ড্রিকও আছে। কার্লো যদি তাকে খেলান, তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’
চলতি মৌসুমে মরিনিয়োর অধীনে মাত্র ১৪১ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন এন্ড্রিক। অথচ এ সময়ে রিয়াল মাদ্রিদ খেলেছে ১৬ ম্যাচ, মাঠে ছিল প্রায় ১ হাজার ৫০০ মিনিট। ফলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার বিষয়টি তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিজের চাওয়ার কথা জানাতে গিয়ে গত সোমবার এন্ড্রিক বলেন, ‘আমি শুধু খেলতে চাই। সুখী থাকতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই। গোল করতে চাই, অ্যাসিস্ট করতে চাই। যেমনটা লিওঁতে করেছি। সেটি ছিল আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা এবং সবচেয়ে আনন্দের সময়গুলোর একটি।’
আগামী ১৪ নভেম্বর জাপান ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে তিন ম্যাচে ১৩৯ মিনিট খেলেছিলেন এন্ড্রিক। এবারও জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়ার পাশাপাশি ক্লাবেও নিয়মিত হতে চান তিনি।
তবে জানুয়ারির দলবদলে তার ভবিষ্যৎ কী হবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ বিষয়ে এন্ড্রিক বলেন, ‘জানুয়ারিতে (শীতকালীন ট্রান্সফার উইন্ডো) কী হবে, তা আমি জানি না। সবকিছু সৃষ্টিকর্তার হাতে। আমার বয়স মাত্র ২০। দেখা যাক কী হয়। আমি শুধু চাই, আমার ক্যারিয়ারের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই যেন করতে পারি।’
রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা উড়িয়ে না দিলেও ক্লাবটির প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। এন্ড্রিক বলেন, ‘যা হওয়ার হবে। আমি মাটিতে পা রেখে নিজের সেরাটা দিয়ে যাব। মাদ্রিদ দারুণ একটি শহর। তবে ক্যারিয়ারকে এগিয়ে নিতে আমি সব সময় সর্বোচ্চ চেষ্টা করব।’
এদিকে মরিনিয়োর প্রতি আস্থার কথাও জানিয়েছেন এন্ড্রিক। তার ভাষ্য, কোচ নিয়মিত তার ব্যক্তিগত জীবনের খোঁজখবর নেন এবং আন্তরিকভাবে পাশে থাকেন। এন্ড্রিক বলেন, ‘মরিনহো এমন একজন, যাকে আমি সত্যিই বিশ্বাস করি। তিনি প্রতিদিন আমার খোঁজখবর জানতে চান। তবে কখনও ফুটবল নিয়ে নয়, সব সময় আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। বিষয়টি আমার খুব ভালো লাগে।’
কোচের এই আচরণ তাকে আরও অনুপ্রাণিত করে জানিয়ে এন্ড্রিক বলেন, ‘রিয়াল মাদ্রিদের জন্য আমি সব সময় নিজের সর্বোচ্চটা দেব। সবকিছুর আগে ক্লাব। তবে মরিনহোর আন্তরিকতা আমাকে আরও বেশি উজাড় করে দিতে অনুপ্রাণিত করে।’



