...|...|...

খেলা

বিরল সম্মাননায় ভূষিত শ্রীলঙ্কার কিংবদন্তি জয়াবর্ধনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৩
Shares
বিরল সম্মাননায় ভূষিত শ্রীলঙ্কার কিংবদন্তি জয়াবর্ধনে

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার মাহেলা জয়াবর্ধনেকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দা কলেজ। আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাব।

কলম্বোর ঐতিহ্যবাহী নালন্দা কলেজ সম্প্রতি এই সম্মাননা প্রদান করে। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের পাশাপাশি কলেজের সুনাম ছড়িয়ে দেওয়ার স্বীকৃতিস্বরূপ জয়াবর্ধনেকে এই বিরল সম্মান দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন জয়াবর্ধনে। জাতীয় দলের হয়ে ১৪৯টি টেস্ট ও ৪৪৮টি ওয়ানডে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে তাঁর সংগ্রহ ২৫ হাজারের বেশি রান। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবেও দলকে বহু স্মরণীয় সাফল্য এনে দিয়েছেন এই কিংবদন্তি।

খেলোয়াড়ি জীবন শেষ হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি জয়াবর্ধনে। অবসরের পর কোচিং ও মেন্টরিংয়ের মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

নালন্দা কলেজের ‘কীর্তি শ্রী’ খেতাবকে বিশেষ মর্যাদার স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনা এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করা সাবেক শিক্ষার্থীদেরই সাধারণত এই সম্মাননা দেওয়া হয়। এবার সেই বিরল স্বীকৃতি পেলেন শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।