...|...|...

বিশ্ব

স্পেনে আবাসনসংকট

‘৫ বর্গমিটার ঘরের ভাড়া মাসে ৬০ হাজার টাকা’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪১
Shares
‘৫ বর্গমিটার ঘরের ভাড়া মাসে ৬০ হাজার টাকা’

ছবি: সংগৃহীত

মাত্র ৫ বর্গমিটারের ঘরের জন্য মাসে প্রায় ৫০০ ডলার বা প্রায় ৬০ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে—স্পেনের আবাসনসংকটে তরুণদের বাস্তবতা এখন এমনই। কেউ বাধ্য হয়ে বাবা-মায়ের সাথে থাকছেন, কেউ আবার অতি ছোট ঘরে কয়েকজন মিলে থাকছেন। বাড়িওয়ালার ভাড়া বাড়ানো কিংবা যেকোনো সময় বাসা ছাড়তে বলার আশঙ্কাও তাড়া করছে অনেককে।

স্পেনে তীব্র আবাসনসংকটের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে রাস্তায় নেমেছেন কয়েক দশক হাজার তরুণ। বুধবার দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে অনেকেই জাতীয় ধর্মঘটে অংশ নিয়েছেন। কর্মসূচির স্লোগান— ‘বেতন, বাসস্থান ও দাম’।

গত মাসে মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে জোর করে উচ্ছেদের ঘটনার পর ক্ষোভ আরও বেড়ে যায়। সাত দশক ধরে তিনি ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। করপোরেট বাড়িওয়ালা তাঁর ভাড়া এমন পর্যায়ে বাড়িয়ে দেয়, যা তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না।

ঘটনাটি নিয়ে ব্যাপক জনরোষ সৃষ্টি হওয়ার পর বাড়ির মালিকেরা তাকে আবার বাসায় ফিরতে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেদিনই হাসপাতালে মারা যান মারিকারমেন।

ঝুঁকিতে থাকা ভাড়াটিয়াদের সুরক্ষায় সরকার পার্লামেন্টে দুটি জরুরি ডিক্রি তুলেছিল। তবে ডানপন্থী দলগুলোর বিরোধিতায় সেগুলো পাস হয়নি।

এই পরিস্থিতিতে স্পেনের বামপন্থী জোট সরকার ২৯ নভেম্বর আগাম নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে। আবাসনসংকট নিয়ে জনঅসন্তোষকে কাজে লাগিয়ে ভোটারদের সমর্থন ফিরে পাওয়ার আশা করছে সরকার। জনমত জরিপে সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রক্ষণশীল পিপলস পার্টি ও কট্টর ডানপন্থি ভক্সের চেয়ে পিছিয়ে ছিলেন।

স্পেনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। আগামী বছরের মধ্যে এ ঘাটতি ১০ লাখে পৌঁছাতে পারে।

আবাসনসংকট নিয়ে আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন তরুণের সাথে কথা বলেছে আল-জাজিরা।

‘বাড়িভাড়া এত বেশি যে এখনও বাবা-মায়ের সাথেই থাকি’

২৪ বছর বয়সী হারিস জাভাইদ শরিফ বার্সেলোনায় একজন ডেটা বিশ্লেষক। বাবা-মা, ভাই ও বোনের সাথে ৪৪ বর্গমিটারের একটি ফ্ল্যাটে থাকেন তিনি। মাসে তাঁর নিট আয় ১ হাজার ৯০০ ডলার। পরিবারের ফ্ল্যাটভাড়া ৭৪৫ ডলার, যার অর্ধেক দেন হারিস।

বার্সেলোনায় তিন শয়নকক্ষের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ৯৫৪ থেকে ১ হাজার ৬৮৪ ডলার হওয়ায় আলাদা বাসায় ওঠা তার পক্ষে কঠিন।

হারিস বলেন, ‘মহামারির পর আমাদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা হয়েছিল। পাঁচ মাসের ভাড়া বকেয়া ছিল। আমার বাবা ও আমি মহামারির কারণে কাজ করতে পারিনি। পরে আমরা ২ হাজার ৫০০ ইউরো পেলেও বাড়ির মালিক আলোচনায় রাজি হননি। ফলে বাসাটি হারাই।’

তিনি বলেন, ‘আমরা ১১ মাস কাজ ছাড়া ছিলাম এবং দুই কক্ষের একটি বাসায় থাকতাম। আমি ভাবতাম, এমন ঘটনা শুধু অসহায় মানুষের সাথেই ঘটে। কিন্তু এটা যে কারও সাথে ঘটতে পারে।’

হারিস আরও বলেন, ‘বাড়িভাড়া এত বেশি যে এখনো বাবা-মায়ের সাথেই থাকি। রাজনীতিকদের ওপর চাপ তৈরির জন্য ধর্মঘটে যোগ দিচ্ছি। তরুণদের জন্য আবাসনই এখন সবচেয়ে বড় সমস্যা। অনেকের সাথে কথা বলি, যারা আগামী ১০ বছরেও নিজেদের বাড়ি কেনার সম্ভাবনা দেখেন না।’

‘ভয় হয়, বাড়িওয়ালা আমাদের বের করে দিতে পারেন’

৩২ বছর বয়সী বিয়া গার্সিয়া দে লা তোরে মাদ্রিদের একটি ফাউন্ডেশনে কাজ করেন। ভাইয়ের সাথে ৭০ বর্গমিটারের একটি ফ্ল্যাটে থাকেন তিনি। মাসে ভাড়া ১ হাজার ২২৯ ডলার। তার মাসিক আয় ২ হাজার ৪০০ ডলার।

বিয়া বলেন, ‘আমি সবচেয়ে খারাপ অবস্থায় নেই। এমন অনেকে আছেন, যাদের মাসিক আয়ের অর্ধেকই ভাড়ায় চলে যায়। আমি ও আমার ভাই ভাড়া ভাগ করে দিই। কিন্তু বাড়িওয়ালা এখন কেন্দ্রীয় হিটিংয়ের খরচও আমাদের দিতে বলছেন, অথচ এটি কমিউনিটির দেওয়ার কথা।’

তিনি বলেন, ‘আমরা আতঙ্কে থাকি, তিনি হয়তো হঠাৎ ভাড়া অনেক বাড়িয়ে দেবেন কিংবা আমাদের বের করে দেবেন।’

বিয়া বলেন, ‘আমি সাধারণ ধর্মঘটে অংশ নেব। কারণ দেশের আবাসননীতি বদলানোর এটি একটি ভালো সুযোগ। অতীতেও এমন আন্দোলনের মাধ্যমে আট ঘণ্টা কর্মদিবসের অধিকার আদায় হয়েছিল।’

‘বাড়িওয়ালা চাইলে ভাড়া বাড়াতে বা আমাদের বের করে দিতে পারেন’

২৭ বছর বয়সী সামাজিককর্মী ইরাতসে গনজালেস মাদ্রিদে আরও তিনজনের সাথে একটি ফ্ল্যাটে থাকেন। তাঁর মাসিক আয় ১ হাজার ২০০ ডলার। ৪৫ বর্গমিটারের ওই ফ্ল্যাটে তাঁর ভাগের ভাড়া ৪০০ ডলার।

তিনি বলেন, বাবা-মায়ের বাড়ি ছাড়াটা আমার প্রয়োজন ছিল। কিন্তু ফ্ল্যাটটি খুব ছোট এবং আমাদের চুক্তি মাত্র এক বছরের। এতে কোনো নিরাপত্তা নেই। বাড়িওয়ালা চাইলে ভাড়া বাড়াতে পারেন কিংবা আমাদের বাসা থেকে বের করে দিতে পারেন।

ইরাতসে বলেন, এই মুহূর্তে স্পেনের প্রত্যেক তরুণের জন্যই এটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা।

‘স্পেনে বাড়ি ছাড়ার গড় বয়স ৩০ বছর’

৩২ বছর বয়সী শিক্ষক ইগনাসিও রেদ্রাদো ২৬ বছর বয়সে প্রথম বাবা-মায়ের বাড়ি ছেড়ে আলাদা থাকতে পেরেছিলেন। তাঁর মাসিক আয় ২ হাজার ২৪৫ ডলার এবং ভাড়ায় দেন ৩৩৭ ডলার।

মাদ্রিদে আরও চারজনের সাথে ৬০ বর্গমিটারের ছোট একটি ফ্ল্যাটে থাকেন তিনি। পুরো ফ্ল্যাটের মাসিক ভাড়া ১ হাজার ৬৭ ডলার।

স্পেনের মধ্যে মাদ্রিদেই বাড়িভাড়া সবচেয়ে বেশি। চারজন থাকার উপযোগী একটি ফ্ল্যাটের ভাড়া সেখানে মাসে ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৭৩৭ ডলার পর্যন্ত হতে পারে।

ইগনাসিও বলেন, স্পেনে বাবা-মায়ের বাড়ি ছেড়ে আলাদা হওয়ার গড় বয়স ৩০ বছর। আমরা সাধারণ ধর্মঘট ডেকেছি, কারণ আর সহ্য হচ্ছে না। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, এটা শুধু বর্তমান সরকারের বিষয় নয়। ক্ষমতা জনগণের হাতে থাকা উচিত। আবাসন সমস্যার সমাধান করতে হবে। আমরা অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি এবং আরও বেশি সামাজিক আবাসন চাই।

‘আমার শোবার ঘর মাত্র ২ মিটার বাই ২ দশমিক ৬ মিটার’

২৪ বছর বয়সী আর্তুরো লিওন একটি এনজিওতে কাজ করেন। ভবিষ্যতে আবাসন ন্যায়বিচার নিয়ে পিএইচডি করার ইচ্ছা রয়েছে তার। বার্সেলোনায় আরও চারজনের সাথে একটি ছোট ফ্ল্যাটে থাকেন তিনি। মাসে ভাড়া দেন ৫০৬ ডলার।

আর্তুরো বলেন, আমাদের কোনো চুক্তি নেই। ফ্ল্যাটে অনেক কিছু নষ্ট হয়ে আছে, কিন্তু বাড়িওয়ালা সেগুলো মেরামত করতে চান না।

তিনি বলেন, আমার শোবার ঘরের আয়তন মাত্র ২ মিটার বাই ২ দশমিক ৬ মিটার। এত ছোট ঘর হওয়ার পরও বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর হুমকি দিচ্ছেন।

আর্তুরোর ভাষায়, আমি কেন সাধারণ ধর্মঘটে যোগ দিচ্ছি, এটি তার নিখুঁত উদাহরণ।