...|...|...

বিশ্ব

গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে যে ৫ দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩
Shares
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে যে ৫ দেশ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে আলোচনায় এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান-যুক্তরাষ্ট্র বৈরিতা এবং বড় শক্তিগুলোর সামরিক প্রতিযোগিতা এমন পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না; বিপর্যস্ত হতে পারে বৈশ্বিক জলবায়ু, কৃষি, খাদ্য উৎপাদন, যোগাযোগ, জ্বালানি এবং আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা।

বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের পর কোনো দেশের টিকে থাকার সক্ষমতা নির্ভর করবে ভৌগোলিক অবস্থান, খাদ্য উৎপাদন, জ্বালানি, অবকাঠামো, জনসংখ্যা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরতার মতো বিষয়ের ওপর। এসব সূচক বিবেচনায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুকে তুলনামূলকভাবে সক্ষম দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে গবেষকেরা সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে এসব দেশ পুরোপুরি নিরাপদ থাকবে।

পারমাণবিক শীতের ভয়

পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতিগুলোর একটি হলো ‘পারমাণবিক শীত’। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন ও ধোঁয়া বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে সূর্যালোক বাধাগ্রস্ত করতে পারে। এতে পৃথিবীর তাপমাত্রা কমে যেতে পারে, বৃষ্টিপাতের ধরন বদলে যেতে পারে এবং কৃষি উৎপাদনে বড় ধরনের ধস নামতে পারে।

২০২২ সালের ১৫ আগস্ট ‘নেচার ফুড’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, বায়ুমণ্ডলে ৫ টেরাগ্রামের বেশি ধোঁয়া বা কালি ছড়িয়ে পড়লে বিশ্বের প্রায় সব দেশেই তীব্র খাদ্যসংকট দেখা দিতে পারে। গবেষণার মডেল অনুযায়ী, ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক সংঘাতে দুই শতাধিক কোটি এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার বড় পারমাণবিক যুদ্ধে ৫০০ কোটির বেশি মানুষের মৃত্যু হতে পারে। এগুলো গবেষণাভিত্তিক অনুমান, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

চলুন জেনে নেওয়া যাক তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে যে ৫ দেশ।

১. অস্ট্রেলিয়া

সম্ভাব্য বৈশ্বিক বিপর্যয়ের পর টিকে থাকার দিক থেকে অস্ট্রেলিয়াকে সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি মনে করা হয়। বিশাল ভূখণ্ড, বিপুল কৃষি উৎপাদন, খাদ্যের উদ্বৃত্ত, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি সক্ষমতা এবং উন্নত অবকাঠামো দেশটিকে বাড়তি সুবিধা দিতে পারে।

তবে সামরিক দিক থেকে অস্ট্রেলিয়ার ঝুঁকিও রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা এবং অকাস জোটের সদস্য হওয়ায় বড় সংঘাতে দেশটির কিছু কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। বিশেষ করে পাইন গ্যাপ গোয়েন্দা স্থাপনা ঝুঁকিতে পড়তে পারে।

২. নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা হলো ভৌগোলিক বিচ্ছিন্নতা ও তুলনামূলক কম জনসংখ্যা। কৃষি ও পশুপালনে শক্তিশালী দেশটি দুধ, মাংসসহ বিভিন্ন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি অবস্থানে রয়েছে। গবেষণায় দেখা গেছে, পারমাণবিক শীতের মতো পরিস্থিতিতেও দেশটির খাদ্য উৎপাদন তুলনামূলকভাবে ভালো থাকতে পারে।

তবে জ্বালানি, যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামালের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরতা দীর্ঘমেয়াদে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে।

৩. আইসল্যান্ড

উত্তর আটলান্টিকে অবস্থিত আইসল্যান্ডের জনসংখ্যা কম এবং দেশটি বিদ্যুৎ উৎপাদনে ভূতাপীয় ও জলবিদ্যুৎ শক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়লেও দেশটি কিছু সুবিধা পেতে পারে।

মৎস্যসম্পদও আইসল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ। তবে সামুদ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে মাছের উৎপাদন কমতে পারে। পাশাপাশি ন্যাটোর সদস্য হওয়ায় ইউরোপ ও উত্তর আটলান্টিকে বড় সামরিক সংঘাতের প্রভাব দেশটির ওপরও পড়তে পারে।

৪. সলোমন দ্বীপপুঞ্জ

প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সলোমন দ্বীপপুঞ্জ ভৌগোলিক বিচ্ছিন্নতা, কম জনসংখ্যা এবং কৃষি ও মাছ ধরার ওপর নির্ভরতার কারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। গবেষণায় দেশটির স্থানীয় খাদ্য উৎপাদন সক্ষমতাকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে।

তবে আধুনিক চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগ ও জ্বালানি সরবরাহে আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ হয়ে গেলে দেশটিতে বড় সংকট দেখা দিতে পারে।

৫. ভানুয়াতু

ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং স্থানীয় খাদ্য উৎপাদনের কারণে ভানুয়াতুকেও তুলনামূলক সক্ষম দ্বীপরাষ্ট্র হিসেবে দেখা হয়। এখানকার অনেক মানুষ কৃষি, মাছ ধরা এবং স্থানীয় উৎপাদনের ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা ভেঙে পড়লেও স্থানীয় পর্যায়ে কিছুটা খাদ্য সরবরাহ ধরে রাখা সম্ভব হতে পারে।

তবে জ্বালানি, আধুনিক চিকিৎসা, যোগাযোগ ও শিল্প উৎপাদনের সীমাবদ্ধতা দেশটির বড় দুর্বলতা। দীর্ঘমেয়াদি বৈশ্বিক বিচ্ছিন্নতা সেখানে আধুনিক জীবনযাত্রা সচল রাখা কঠিন করে তুলতে পারে।

২০২৬ সালের ২৩ আগস্ট প্রকাশিত আরেক গবেষণাতেও অস্ট্রেলিয়াকে বিভিন্ন বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় সবচেয়ে সক্ষম দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়। এতে পারমাণবিক শীতের পাশাপাশি মহামারি, সাইবার হামলা, অবকাঠামো বিপর্যয়, মহাকাশীয় বস্তু ও ভূচৌম্বকীয় ঝড়ের মতো ঝুঁকিও বিবেচনায় নেওয়া হয়।

গবেষকদের সারকথা হলো, কোনো দেশই শতভাগ নিরাপদ নয়। যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকাই যথেষ্ট নয়; একটি দেশ কতটা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, জ্বালানি সরবরাহ ধরে রাখতে সক্ষম এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া দীর্ঘদিন মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারে—সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।