...|...|...

বিশ্ব

মার্কিন ড্রোন নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতার দাবি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০১
Shares
মার্কিন ড্রোন নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতার দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো অক্ষত অবস্থায় মাটিতে নামানোর সক্ষমতা অর্জনের দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তিতে ইরান এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে তারা। একই সাথে দেশের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের কোনো অংশই বিদেশে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) লেবাননের সংবাদমাধ্যম আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজায়ি।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারে রেজায়ি দাবি করেন, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তিতে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মাধ্যমে মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো অক্ষত অবস্থায় অবতরণ করানোর সামর্থ্য অর্জন করেছে দেশটি।

তবে তার এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট ঘটনার বিবরণ বা প্রযুক্তিগত প্রমাণ প্রকাশ করা হয়নি।

পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রেজায়ি। তিনি বলেন, ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের একটি কণাও দেশের বাইরে নেওয়া হবে না। এ বিষয়ে রাশিয়াকেও নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে তেহরান।

রেজায়ির ভাষায়, ‘আমরা আমাদের রুশ বন্ধুদের জানিয়ে দিয়েছি, সমৃদ্ধ পারমাণবিক উপাদান ইরানেই থাকবে। এগুলো আমরা নিজেরাই ব্যবহার করব।’

তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিতে চালিত জাহাজ ও সাবমেরিন নকশা ও তৈরির জন্য এসব সমৃদ্ধ পারমাণবিক উপাদান ইরানের প্রয়োজন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার অন্যতম প্রধান বিরোধের বিষয়। ওয়াশিংটন চায়, পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো প্রাথমিক সমঝোতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকুক।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। তবে ওই হামলার পর মজুতের কতটুকু অবশিষ্ট রয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন রেজায়ি। তিনি বলেন, ইরানে আবারও হামলা হলে যুক্তরাষ্ট্রের দূরবর্তী সামরিক ঘাঁটিগুলোও পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে।

তিনি আরও জানান, বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা চলছে না। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে দেওয়া সাতটি শর্ত পূরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ওয়াশিংটনের অন্যতম দাবি। ফলে পারমাণবিক উপাদান নিয়ে তেহরানের অনড় অবস্থান দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার পথকে আরও জটিল করে তুলতে পারে।