...|...|...

বিশ্ব

কেশম দ্বীপে অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ১০:০৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, রাত ১০:২০
Shares
কেশম দ্বীপে অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের আকাশে আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এ নিয়ে ইরানের দাবি অনুযায়ী, দেশটি এ পর্যন্ত মোট ১৫টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের আকাশে ড্রোনটি শনাক্ত হওয়ার পর ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটিকে লক্ষ্যবস্তু করে বলে জানানো হয়েছে। তবে সর্বশেষ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৯ অক্টোবর হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সে সময় সংস্থাটি জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করেছে। ইরানের দাবি অনুযায়ী, সেটি ছিল দেশটির ভূপাতিত করা ১৪তম মার্কিন এমকিউ-১ ড্রোন। তবে ওই ঘটনার বিষয়েও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২ নভেম্বর কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করে আইআরজিসি। ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে ড্রোন দুটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল বলে জানায় ইরানি সংবাদমাধ্যম।

বুধবার (৪ নভেম্বর) ইরানের তাসনিম সংবাদ সংস্থা আইআরজিসির বরাতে জানায়, হরমুজ প্রণালিতে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের দাবি, এটি ছিল তাদের ধ্বংস করা ৫৬তম এমকিউ-৯ ড্রোন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক তৎপরতা ও ড্রোন ভূপাতিতের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করছে।