...|...|...

বিশ্ব

মধ্যপ্রাচ্যের পথে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৬
Shares
মধ্যপ্রাচ্যের পথে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টকে ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। মার্কিন নৌবাহিনীর এই রণতরীকে পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা গেছে। এর গতি ছিল ঘণ্টায় প্রায় ২৪ থেকে ৩১ নট।

প্রকাশিত নৌবহর-তথ্য অনুযায়ী, রণতরীটি ৪ নভেম্বর দক্ষিণ চীন সাগরে অবস্থান করছিল। সেখান থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরব সাগরে পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। তবে সিঙ্গাপুরের কাছাকাছি এর অবস্থান কিংবা আরব সাগরে পৌঁছানোর নির্দিষ্ট সময় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটি ছেড়ে যাত্রা শুরু করে ইউএসএস থিওডর রুজভেল্ট। এটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ-৯-এর নেতৃত্ব দিচ্ছে। রণতরীটির সাথে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ এবং বিমানবাহী বহরের অংশ হিসেবে যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক উড়োজাহাজ। জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘কিন সোর্ড ২৭’ সামরিক মহড়াতেও অংশ নেয় রণতরীটি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই রুজভেল্টকে পাঠানো হচ্ছে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছিল, রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছালে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা তিনটিতে দাঁড়াতে পারে।

বর্তমানে আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন অবস্থান করছে। মার্কিন নৌবহরের গতিবিধি নিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতায় এই রণতরী ও এর সাথে থাকা বিমানবহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের মধ্যে নতুন করে রণতরী মোতায়েনের এই পরিকল্পনা সামনে এল। মার্কিন প্রশাসন সামরিক অভিযান জোরদারের সম্ভাবনা বিবেচনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে রুজভেল্টের মধ্যপ্রাচ্যে মোতায়েনের উদ্দেশ্য ও পরবর্তী সামরিক ভূমিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।