...|...|...

জাতীয়

বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩২
Shares
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সরাসরি ভূমিকা রাখার সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জালিল রাহিমি। একই সাথে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর সাথে ইরানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে জালিল রাহিমি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে সমঝোতার অর্থ হচ্ছে আত্মসমর্পণ। তবে আত্মসমর্পণের শর্তে কোনো সমঝোতা মেনে নেবে না ইরান।

সংঘাতের তৃতীয় দফায় পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন রাষ্ট্রদূত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল পরাজিত হলেও ইরান বিষয়ে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না জালিল রাহিমি। তার মতে, নির্বাচনের ফলাফল যা-ই হোক, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকতে পারে।

ইরান ইস্যুতে বাংলাদেশের জনগণের অবস্থানের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান যৌক্তিক।

এ ছাড়া আরব বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলে ইরান কখনোই সেসব দেশে হামলা চালাত না বলেও মন্তব্য করেন জালিল রাহিমি।