...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সাথে তুলনা, পদ হারালেন সরকারি কর্মকর্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪২
Shares
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সাথে তুলনা, পদ হারালেন সরকারি কর্মকর্তা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সাথে তুলনা করে মন্তব্য করার পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সাথে তুলনা করেন তিনি।

অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই স্লোগানকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন, তিনি হয়তো পরবর্তী পদায়নের আশায় প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন। তবে তার মতে, স্লোগানটি একটি শাশ্বত বাণী।

তিনি আরও বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ-এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”-এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

মসিউর রহমান তার বক্তব্যে আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে হাদিসের সাথে তুলনা করে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এর মধ্যেই মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।