দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি এসপি পদমর্যাদার আরও দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুর জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে দেওয়া হয়েছে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব।
অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।


