...|...|...

জাতীয়

শ্রমিক আন্দোলন

গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫২ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০০
Shares
গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তারা কাজ করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া আশুলিয়া ও মিরপুরসহ সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম চালু রেখেছে বিজিবি। এ জন্য ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

একই সাথে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের শরীরে সংযুক্ত বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সহজ হচ্ছে।

বিজিবি সদর দফতরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মূল্যায়ন, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সাথে যোগাযোগ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছেন সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় এবং প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।