...|...|...

সারাদেশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৮
Shares
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব

ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে কেউ আহত বা নিহত হননি বলে জানিয়েছে জেলা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছে পুলিশ প্রশাসন।

সোমবার (২ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা পুলিশ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ধৈর্য ও সংযমের সঙ্গে আইনানুগ দায়িত্ব পালন করছে।

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সহিংসতা, ভাঙচুর কিংবা সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থে পুলিশের বিরুদ্ধে শ্রমিকদের ক্ষুব্ধ করতে গুলিতে শ্রমিক বা শিক্ষার্থী হতাহত হওয়ার মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে জেলা পুলিশ। তাদের ভাষ্য, শ্রমিক আন্দোলন চলাকালে পুলিশ কোনো গুলি চালায়নি এবং এ ঘটনায় কেউ হতাহতও হয়নি।

এ পরিস্থিতিতে শ্রমিক ও সাধারণ মানুষকে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। একই সাথে উসকানিতে সাড়া না দিয়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।