...|...|...

সারাদেশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: গাজীপুর পুলিশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:১৭
Shares
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: গাজীপুর পুলিশ

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব। ছবি: টাইমস টুডে

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে দাবি করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করছেন গার্মেন্টস শ্রমিকরা। এ আন্দোলনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যাতে সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ সংযম, ধৈর্য ও আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করছে।

এতে আরও বলা হয়, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তুলতে পুলিশের গুলিতে শ্রমিক বা শিক্ষার্থী আহত-নিহত হওয়ার গুজব ছড়াচ্ছে। তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ গুলি চালায়নি এবং এতে কেউ হতাহতও হয়নি।

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিতে শ্রমিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি দুষ্কৃতকারীদের উসকানিতে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ জানানো হয়েছে।