ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে একটি বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাজারের কামরুলের দোকান এলাকায় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫২), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খালাপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে গোপাল সরকার (৪৫), মাদারীপুরের পলোগ্রাম উপজেলার কুলিয়া গ্রামের কালাই হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪০) এবং মাদারীপুরের মাউনসি গ্রামের নুরুদ্দিনের ছেলে মো. রেজাউল (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চারজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে একটি বাড়িতে ডাকাতির চেষ্টার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা। এ সময় তাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


