...|...|...

সারাদেশ

৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:২৬
Shares
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

শিক্ষকদের ফুল দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ। ছবি: টাইমস টুডে

কুমিল্লার মনোহরগঞ্জে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। এ বছর কলেজটি থেকে ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ৫৩ জন। অকৃতকার্য হয়েছে ২৪৭ জন। পাসের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ।

এমন ফলাফলের প্রতিবাদে শিক্ষকদের ফুলের তোড়া উপহার দিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। রবিবার (১ নভেম্বর) সকালে কলেজে গিয়ে অধ্যক্ষের উপস্থিতিতে শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

জানা যায়, ফলাফল প্রকাশের পর কলেজটির এমন বিপর্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে গিয়ে ফুল দিয়ে প্রতিবাদ জানান। এ সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি হলেও শিক্ষকরা ফুলের তোড়া গ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ শাখার নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী বলেন, ঐতিহ্যবাহী একটি সরকারি প্রতিষ্ঠানের ফলাফল এমন হতে পারে না। এ ফলাফল বিপর্যয়ের দায় কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এর প্রতিবাদে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ফুল আমাদের প্রতিবাদের ভাষা। ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় ফরম পূরণসহ কোনো অনৈতিক তদবির নিয়ে ছাত্রদল কিংবা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কলেজে যাবেন না। মেধার ভিত্তিতেই হবে শিক্ষার্থীদের আগামীর পথচলা। শিক্ষা-সংশ্লিষ্ট যেকোনো কাজে উপজেলা ছাত্রদল শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে থাকবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নাজমা বেগম বলেন, অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ করেছে। শিক্ষার্থীদের অপর্যাপ্ত প্রস্তুতি এবং নিয়মিত পাঠদান কার্যক্রমে অংশ না নেওয়াকে ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। এ ছাড়া অভিভাবকদের ডাকা সমাবেশেও আশানুরূপ সাড়া পাওয়া যায় না। ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ফলাফল পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।