...|...|...

সারাদেশ

কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে কুমিল্লা, তলানিতে নোয়াখালী

মোশারফ হোসেন, কুমিল্লা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৫
Shares
কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে কুমিল্লা, তলানিতে নোয়াখালী

ছবি: টাইমস টুডে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে নোয়াখালী। কুমিল্লায় পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ হলেও নোয়াখালীতে তা মাত্র ৩৮ দশমিক ৯০ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, জেলাভিত্তিক পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী। এ জেলায় পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১৫ শতাংশ, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫ শতাংশ, লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ শতাংশ এবং নোয়াখালীতে ৩৮ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। উত্তীর্ণদের মধ্যে ছেলে ১৫ হাজার ৮৫৭ জন এবং মেয়ে ২৮ হাজার ৪১৫ জন।

লিঙ্গভিত্তিক ফলাফল বিশ্লেষণেও মেয়েরা এগিয়ে রয়েছে। এবার ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০ দশমিক ৭৩ শতাংশ এবং মানবিক বিভাগে ৪১ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বোর্ডের অধীনে এবার ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাস করেছে মাত্র চারটি প্রতিষ্ঠান।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানান, এ বছর ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। নিচের শ্রেণিগুলো থেকে এসব বিষয়ে মৌলিক ধারণা ও ভিত্তি পরিষ্কার না হওয়ায় শিক্ষার্থীরা ভালো ফল করতে পারেনি। এ বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে।

উল্লেখ্য, এ বছর সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সেই হিসাবে জাতীয় গড় পাসের হারের চেয়েও পিছিয়ে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।