...|...|...

সারাদেশ

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী

হত্যার শিকার গৃহবধূ। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও ব্যবসায় বাধা দেওয়ায় লামিয়া বৃষ্টি (১৯) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে লামিয়া ও রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও ঝগড়াবিবাদ লেগে থাকত। ঘটনার এক সপ্তাহ আগে রবিউলকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার তাগিদ দেন লামিয়া। অন্যথায় তাকে তালাক দেওয়ার হুমকি দিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান।

সোমবার পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে লামিয়াকে স্বামীর বাড়িতে ডেকে আনা হয়। পরে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এরপর পরিবারের অন্য সদস্যরা চলে গেলে লামিয়ার সাথে আবারও কথা-কাটাকাটি শুরু হয় রবিউলের। একপর্যায়ে লামিয়াকে টেনেহিঁচড়ে পাশের বাড়ির একটি ডোবার কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ডোবায় ফেলে রেখে রবিউল পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

পরে নিহতের ছোট ভাই ওবায়দুল মাদবর বোনকে খুঁজতে গিয়ে পাশের বাড়ির ডোবায় তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অভিযুক্ত রবিউলের মা বলেন, আমার ছেলে কী করেছে, আমরা কিছুই জানি না। মীমাংসা করে দেওয়ার পর ছেলে ও বউ তাদের বাচ্চাকে আনতে যায়। কিছুক্ষণ পর ছোট ছেলে এসে বলে, ভাইয়াকে দৌড়ে যেতে দেখেছে, কিন্তু আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমরা গিয়ে ডোবায় বউকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখি।

নিহতের মা শাহিদা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত ছিলেন। এসবের প্রতিবাদ করলেই তিনি মেয়েকে মারধর করতেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। সর্বশেষ গত সপ্তাহে রবিউলকে তালাক দেওয়ার কথা বলে মেয়ে বাবার বাড়িতে চলে আসে। সোমবার মীমাংসার কথা বলে ডেকে নিয়ে মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি হত্যাকারীর ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।