আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। একই সাথে বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা এ আহ্বান জানায়।
বার্তায় বলা হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে-এমন দাবি করে কয়েকটি সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। বিষয়টি পেট্রোবাংলার নজরে এসেছে।
সংস্থাটি জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর প্রভাবে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, আগামী চার দিন দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমার আশঙ্কা রয়েছে।
তবে সরবরাহ কমলেও সারা দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটির ভাষ্য, গ্যাসের পরিমাণ কমে যাওয়ায় কিছু এলাকায় সাময়িকভাবে নিম্নচাপ দেখা দিতে পারে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।


