পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কোরআনের খেদমত অব্যাহত রাখাকে ঈমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিদায়াতগ্রন্থ এবং জীবনবিধান।
মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সংস্থাটির মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার বিষয়টিও উঠে আসে।
এ সময় কোরআনভিত্তিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দ্বীনি খেদমতকে আরও সুসংগঠিত এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের বক্তব্য শোনার পাশাপাশি আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদের কোরআন তিলাওয়াত মনোযোগ দিয়ে শোনেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।
আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

