...|...|...

জাতীয়

আজ থেকে টানা ৪ দিন সারাদেশে কম থাকবে গ্যাসের চাপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৪
Shares
আজ থেকে টানা ৪ দিন সারাদেশে কম থাকবে গ্যাসের চাপ

ছবি: সংগৃহীত

আজ বুধবার থেকে টানা চার দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে এ সময়ে কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

পেট্রোবাংলা জানিয়েছে, সামিট এলএনজি ভাসমান টার্মিনালের রক্ষণাবেক্ষণকাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের স্বল্পচাপের সমস্যায় পড়তে হতে পারে।

দেশে বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন গ্যাসের ঘাটতি প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) পরিমাণ প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি এবং দেশীয় প্রতিষ্ঠান সামিট এলএনজির ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সামিট এলএনজির টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজের জন্য চার দিন সময় নির্ধারণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনসহ মোট চার দিন চলবে এ কার্যক্রম।

রক্ষণাবেক্ষণকাজের কারণে এলএনজি সরবরাহ দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. শোয়েব জানান, এ সময়ে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের মধ্যে প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কম পাওয়া যাবে। তবে গ্রিডে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এ কারণে কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

এর আগে গত ১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিন গ্যাসের স্বল্পচাপের বিষয়ে গ্রাহকদের জানায় পেট্রোবাংলা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোথাও কোথাও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ ধরনের তথ্যকে গুজব উল্লেখ করে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে মো. শোয়েব বলেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো কথা নেই। গ্রাহকদের এ নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।