খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে ট্রাস্টের চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় বড়দিন উদ্যাপনে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।
গত ২ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। এতে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপিত হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
সারসংক্ষেপে চলতি বছর বড়দিন উদ্যাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে দুই কোটি টাকা বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছিল। তবে প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন।


