...|...|...

রাজনীতি

জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিরোধিতা করেছে ছাত্রদল: নাছির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিরোধিতা করেছে ছাত্রদল: নাছির

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব বা কমিয়ে আনার প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির মতে, দেশে প্রচলিত সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের কোনো সুযোগ থাকা উচিত নয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বক্তব্যে সংগঠনটির এ অবস্থানের কথা জানান।

নাছির উদ্দীন নাছির বলেন, জুলাই জাতীয় সনদে বারবার প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব ও কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছিল। ছাত্রদল শুরু থেকেই এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে। সংগঠনটি মনে করে, বর্তমানে দেশে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি (সংসদীয় গণতন্ত্র) চালু রয়েছে, সেখানে কোনোভাবেই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার সুযোগ থাকা উচিত নয়। এ বিষয়ে ছাত্রদল তাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেছে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ছাত্রদলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আরেকটি বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটি পুনঃস্থাপনের বিষয়েও আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি, এটি অত্যন্ত সতর্কতার সহিত করা উচিত।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো জটিল ফর্মুলার দিকে না গিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে।