...|...|...

রাজনীতি

সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, ইনশাআল্লাহ: জামায়াত নেতা আখতারুজ্জামান

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৪
Shares
সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, ইনশাআল্লাহ: জামায়াত নেতা আখতারুজ্জামান

জামায়াতের আলোচিত নেতা আখতারুজ্জামান কারামুক্ত। ছবি: টাইমস টুডে

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। কারামুক্তির পর তিনি বলেছেন, সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, ন্যায়ের রাজনীতিরও চূড়ান্ত জয় হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় তাকে সংবর্ধনা জানাতে কারাফটকে জড়ো হন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।

কারামুক্তির পর উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন আখতারুজ্জামান। তিনি বলেন, সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, ইনশাআল্লাহ। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না, ইনশাআল্লাহ। সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যেরই হবেই হবে, ন্যায়ের হবেই হবে। আমরা আল্লাহর পথে আছি, আমরা আল্লাহর শাসন কায়েম করার পক্ষে আছি, আমরা আল্লাহর সন্তুষ্টির পক্ষে আছি।

কারাভোগের পর মুক্তি পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এক মাসের জেলের পরেও আজকে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি, এজন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অসীম শুকরিয়া আদায় করছি।

এ সময় প্রয়াত বাবা-মায়ের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। আখতারুজ্জামান বলেন, পরিশেষে আমার প্রয়াত পিতা ও মাতার কাছে শ্রদ্ধা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, তিনারা আমাকে এরকমভাবে তৈরি করে দিয়ে গেছেন- আমি যাতে জনগণের কল্যাণে, জনগণের পক্ষে কথা বলার সাহস এবং তৌফিক রাখি। এজন্য আমি আমার প্রয়াত বাবা-মার কাছে কৃতজ্ঞতা এবং উনাদের বেহেশত কামনা করছি।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, প্রিয় ভাইয়েরা আমার, সত্যের জয় হবেই হবে। আমরা সত্যের রাজনীতি করি, আমরা ন্যায়ের রাজনীতি করি, আমরা আল্লাহর সন্তুষ্টির রাজনীতি করি, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করি। ইনশাআল্লাহ আমরা সামনে আগায়া যাবো, দোয়া করবেন আমার জন্য, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি, জনগণের অধিকার আন্দোলনে থাকতে পারি।

কারামুক্তির পর তাকে সংবর্ধনা জানাতে আসা জামায়াত নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আখতারুজ্জামান। তিনি বলেন, আজকে এখানে আমার ভাইয়েরা কষ্ট করে আসছেন, আমাদের আমার আমির সাহেবরা আসছেন, আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জামাতে আমির আসছেন, উনার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনারা আজকে আমার শক্তি, উনাদের আশাতে আজকে আমি যে শক্তি পেয়েছি, ইনশাআল্লাহ আমাদের প্রতিবাদ আর অব্যাহত থাকবে।

বক্তব্যের শেষ দিকে জামায়াতের আমিরের সাথে সাক্ষাতের কথা জানিয়ে তিনি বলেন, আগামীতে কথা হবে, আমি যাবো, জামাতে আমির সাহেব আমার জন্য অপেক্ষা করছে, এটা আমার জন্য বেয়াদবি হচ্ছে আমি উনার জন্য অপেক্ষা করে রাখতে আসছি। আমি তাড়াতাড়ি আমি যেতে চাই, আমি যত তাড়াতাড়ি উনার কাছে যেতে চাই। উনি আমাদেরকে যা বলবেন, তারপরে আমরা কথাবার্তা উনার সাথে আলোচনা করে আপনাদেরকে সবকিছু বিস্তারিত জানাবো।