১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দামের সাথে বাজারের বিক্রয়মূল্যের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানতে চেয়েছেন, সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকা হলেও সাধারণ মানুষকে বাজার থেকে একটি সিলিন্ডার কিনতে বাস্তবে কত টাকা গুনতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের খাতায় ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৮৩৭ টাকা, অথচ সাধারণ মানুষকে বাজার থেকে কিনতে হয়েছে প্রায় ২৫০০ টাকায় (±)। প্রতি সিলিন্ডারে বাড়তি প্রায় ৬৬৩ টাকা (±)। এই বাড়তি টাকা কি সিন্ডিকেটের সার্ভিস চার্জ, নাকি অঘোষিত চাঁদাবাজি?
তিনি লেখেন, এখন বিএনপি সরকারের নির্ধারিত দাম ২০৬০ টাকা। সরকার এবার বাজারের আসল দামটাও জানিয়ে দিক। ১২ কেজি গ্যাস সিলিন্ডার কিনতে জনগণকে বাস্তবে কত টাকা গুনতে হবে? আর মাঝখানের বাড়তি টাকা যাবে কার পকেটে? সিন্ডিকেটের, নাকি চাঁদাবাজদের?
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


