...|...|...

জাতীয়

সংবিধান সংশোধন নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: বিশেষ কমিটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৩
Shares
সংবিধান সংশোধন নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: বিশেষ কমিটি

ছবি: টাইমস টুডে

জুলাই সনদের ৬(ক) ধারায় ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েই স্বাক্ষর করেছে বলে দাবি করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। তবে বিরোধী দল বর্তমানে ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বলে বৈঠকে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দশম বৈঠকে এসব কথা উঠে আসে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা প্রদান, গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন এবং জুলাই সনদের টেকসই বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। আলোচনায় নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে উল্লেখ করে তাদের কল্যাণে সংবিধান সংশোধনের মাধ্যমে জনবান্ধব ও সময়োপযোগী সংবিধান প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বলা হয়, জুলাই সনদের ৬(ক) ধারায় উল্লেখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু বিরোধী দল বর্তমানে ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার আন্তরিক। সরকারের ওপর আস্থা রেখে তরুণ প্রতিনিধিরাও এ বিষয়ে সহমত পোষণ করেছেন।

বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।