...|...|...

সারাদেশ

সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে ছাত্রদলের জেলা কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ৮:২২
Shares
সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে ছাত্রদলের জেলা কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও ছেলে মাহি। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহির এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পরদিনই বিলুপ্ত করা হয়েছে জেলা ছাত্রদলের কমিটি। একইসাথে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ইউনিট দুটির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন শাহজাহান।

পোস্টে ছেলের ছবি যুক্ত করে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালবাসা, দোয়া ও শুভ কামনা রইলো বাজান।

ছেলের সাফল্যে শুভেচ্ছা জানানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শাহজাহান খান। 

তিনি জানান, ১৯৯৮ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হন তিনি। তবে বিগত ১৭ বছর তার দল ক্ষমতায় না থাকায় ওই সময়ে ছাত্রদল করার মতো মানুষ পাওয়া যায়নি। সে সময়ের বিবেচনায় তাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়েছিল। ২০১৮ সালে গঠিত সেই কমিটি এখনো বহাল ছিল।

সমালোচনার বিষয়ে শাহজাহান খান বলেন, কমিটি গঠন বা বিলুপ্ত করা দলের সিদ্ধান্ত, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দল যখন মনে করবে, তখন নতুন কমিটি দেবে; আবার যখন মনে করবে, তখন কমিটি ভেঙে দেবে।

ছেলের সাফল্যে শুভেচ্ছা জানানো নিয়ে তিনি বলেন, বিয়ে-শাদি মানুষ করবে না? বাচ্চা-কাচ্চা হবে না? আমার ছেলে ভালো কিছু করে, তার জন্য কি আমি আমার মনের আকাঙ্ক্ষা জানাতে পারব না?

শাহজাহান খান আরও বলেন, এখনো দল তাকে ছাত্রদলেই রেখেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের ইচ্ছামতো কিছু করার সুযোগ নেই। তার কমিটি গঠনের সময় বিবাহিত বা অবিবাহিত হওয়ার বিষয়টি বিবেচনায় ছিল না বলেও দাবি করেন তিনি। বর্তমানে তার যুবদল করার বয়স হলেও দলের সিদ্ধান্তের বাইরে যেতে চান না।