...|...|...

সারাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৫
Shares
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

সিলেটের জৈন্তাপুর সীমান্ত। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে পাল্টাপাল্টি ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

১৯ বিজিবি (সিলেট ব্যাটালিয়ন) সূত্র জানায়, শনিবার রাতে সীমান্তে ভারতের অভ্যন্তরে হঠাৎ বিএসএফের সদস্যরা দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এর পরপরই বিজিবি সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সীমান্তের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকেও দুই রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়া হয়।

বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিজিবির পক্ষ থেকে চালানো এই গুলিবর্ষণ কোনো পাল্টা আক্রমণ ছিল না। বরং সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান ও দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সীমান্তে বিজিবির কঠোর নজরদারির বিষয়টি স্পষ্ট হয়।

তবে বিএসএফ ঠিক কী কারণে ভারতের অভ্যন্তরে ওই দুই রাউন্ড গুলি ছুড়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো কারণ জানা যায়নি। গুলিবর্ষণের সময় সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সেটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিজিবি সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিডিয়া উইংয়ের আনুষ্ঠানিক বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার সাড়া পাওয়া যায়নি।