টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে হত্যাচেষ্টার শিকার হওয়া সেই সাড়ে ৬ বছরের শিশুকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রীর নির্দেশনায় রবিবার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে শিশুটিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিশুটির চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর ও তদারকি করছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এর আগে গতকাল শনিবার রাতে ঢাকা থেকে ঘটনা শুনে গভীর রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান প্রতিমন্ত্রী। শিশুটিকে দেখতে গিয়ে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। একই সাথে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন তিনি।
এদিকে রাতে শিশুটির মা বাদি হয়ে নির্যাতনকারী বিপ্লবকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করলে আজ দুপুরে শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।
উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটিকে ধর্ষণচেষ্টা করে বিপ্লব । এসময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ থেঁতলে দেয়। পরে এক রিকশাচালক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


