...|...|...

সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজন গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ১০:১১
Shares
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজন গ্রেফতার

গ্রেফতার ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও মো. সাব্বির আহম্মেদ (২৫)। ছবি: টাইমস টুডে

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (৩১ অক্টোবর) ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

গ্রেফতার দুজন হলেন-ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও মো. সাব্বির আহম্মেদ (২৫)। তাদের মধ্যে ইমন দুর্গাপুর পৌরসভার মোক্তারপাড়া এলাকার এবং সাব্বির একই উপজেলার তেরিবাজার এলাকার বাসিন্দা।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, গ্রেফতার ইমন ও সাব্বির আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। গত বছর সাংবাদিক আলিফের ওপর হামলার ঘটনায় করা মামলায়ও তারা আসামি ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন তাজুল ইসলামের সহযোগী। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হলো। এর আগে গত ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ইমন ও সাব্বিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

ওসি বলেন, গ্রেফতার দুজনকে আমরা এখনো হাতে পাইনি। সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তাদের সুনামগঞ্জ থেকে নেত্রকোনায় নিয়ে আসা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

ওসি আরও জানান, গত বছরের ১০ নভেম্বর সাংবাদিক আলিফের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন ইমরান ইসলাম ওরফে ইমন। আলিফ হত্যাকাণ্ডের তদন্তেও তার নাম উঠে আসে। এ ছাড়া ইমন ও সাব্বিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারসংলগ্ন তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির।

ঘটনার পরদিন তার স্ত্রী খাদিজা আক্তার ওরফে আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

নিহত আলিফ বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি পেজ পরিচালনা করতেন। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করতেন তিনি।