...|...|...

সারাদেশ

কর্মসংস্থান নেই, নিরাপত্তা নেই, বিএনপির পরিকল্পনাও নেই: হাসনাত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৬
Shares
কর্মসংস্থান নেই, নিরাপত্তা নেই, বিএনপির পরিকল্পনাও নেই: হাসনাত

ছবি: সংগৃহীত

চাঁদাবাজি, টেন্ডারবাজি, কর্মসংস্থান সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, দেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ নেই, মানুষের নিরাপত্তা নেই, এমনকি দেশ পরিচালনায় বিএনপি সরকারের কার্যকর কোনো পরিকল্পনাও নেই।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লি মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ক্রসফায়ার দিতে হলে চাঁদাবাজদের দিতে হবে, টেন্ডারবাজদের দিতে হবে। যারা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা নেয়, যারা চাকরির কথা বলে ঘুস নেয়, তাদের ক্রসফায়ার দিতে হবে। আর পুলিশ যখন এই ক্রসফায়ার দেবে, তখন আপনাদের নিজ দলের ব্যক্তিদেরই দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সবাই চাঁদাবাজি করে না, এটা যেমন সত্য, আবার যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপি, এটিও তেমন সত্য।’

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ‘তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেয়া হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ নামক গাড়িটির ইঞ্জিন নষ্ট করে দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশ সঠিকভাবে চলতে পারবে না।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ এমন এক পরিস্থিতিতে আপনাদের সামনে কথা বলতে এসেছি, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। যেখানে আমাদের মন খারাপ করার অধিকার নেই, যেখানে আমরা নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলি, নিরাপত্তা নিয়ে কথা বলি, তখন আমরা দেখতে পাই বিএনপি সরকার পুলিশ দিয়ে বাসা থেকে জোর করে উঠিয়ে নিয়ে যায়।’

ময়মনসিংহে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। হাসনাতের দাবি, ওই নারী বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন বলে ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ার পর পুলিশ তাকে বাসা থেকে নিয়ে যায়।

প্রতিবাদ করলেও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা এমন এক সময়ে কথা বলছি, যখন প্রতিবাদ করলে আইজিপি আমাদের ক্রসফায়ারের ভয় দেখান।’

তরুণদের কর্মসংস্থান সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেও চাকরির আশায় তরুণদের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। অথচ দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না।

জাপান সফর শেষে সরকার এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বললেও জাপান সরকার এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে বলে দাবি করেন হাসনাত। মালয়েশিয়া সফর নিয়েও সরকার একই ধরনের বক্তব্য দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘আমাদের দেশের মানুষ ভাত চায়, কর্মসংস্থান চায়, নিরাপদে বাঁচতে চায়। বিএনপি সরকার, আমাদের বাঁচতে দিন, আমাদের কর্মসংস্থান দিন। না হলে দেশের জনতা আবার রাস্তায় নেমে আসবে।’

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়েও বিএনপি সরকারের সমালোচনা করেন এনসিপির এই সংসদ সদস্য। তার অভিযোগ, নির্বাচনের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

এসব ব্যাংক ঋণখেলাপিদের কারণে সংকটে পড়েছে উল্লেখ করে হাসনাত বলেন, ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করানোর কোনো প্রকল্প বিএনপি সরকারের নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, “জনাব তারেক রহমান এসে বলেছিলেন, ‘হি হ্যাজ এ প্ল্যান’। কিন্তু আমরা দেখতে পেলাম, তার এমন পরিকল্পনা, যেখানে নেতার হাতে কর্মীকে খুন হতে হয়। এমপির ছেলের হাতে কর্মীকে খুন হতে হয়। নিজের দলের হাতে নিজের দলের নেতাকর্মীদের খুন হতে হয়।”

তিনি আরও বলেন, ‘এই ধরনের মাস্টারপ্ল্যান আমরা চাইনি। আমরা চেয়েছিলাম দেশ গড়ার পরিকল্পনা। কিন্তু দেখতে পেলাম, বিএনপির কোনো পরিকল্পনাই নেই।’