...|...|...

সারাদেশ

খুলনায় ১১ দলের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ৮:৩২
Shares
খুলনায় ১১ দলের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

খুলনার ফুলবাড়ীগেটে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লংমার্চকে স্বাগত জানাতে সড়কের পাশে জড়ো হওয়া নারী-পুরুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। এ ঘটনায় মিরেরডাঙ্গা এলাকার দুজন যুবদল নেতার জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতা ইসমাইল হোসেন পারভেজ।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। শিববাড়ি থেকে ফুলতলার দিকে যাচ্ছিল ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবহরটি ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান। এ সময় বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লংমার্চকে স্বাগত জানাতে অপেক্ষায় থাকা অনেকে দিকবিদিক ছোটাছুটি করেন।

এর আগে একই এলাকায় লংমার্চকে স্বাগত জানাতে নির্মিত একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ককটেল নিক্ষেপের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ বলেন, মিরেরডাঙ্গা এলাকার দুজন যুবদল নেতার নেতৃত্বে এ ককটেল বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও ওই জামায়াত নেতা উল্লেখ করেন।