সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকা থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীসহ ঐক্যভুক্ত বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, সাত দফা দাবি সামনে রেখে ঢাকা থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়া অভিমুখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন।
এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে তাদের সাত দফায়।
লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।


