জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ভারতের কলকাতায় এক হাজার টাকায় গ্যাস পাওয়া গেলেও বাংলাদেশে একই গ্যাস কিনতে আড়াই হাজার টাকা খরচ হচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গ্যাসের দাম নিয়ে প্রশ্ন তুলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘কলকাতায় গ্যাস কিনবেন হাজার টাকা, আর বাংলাদেশে গ্যাস কিনতে লাগে দুই হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের কোনো প্রভাব পড়ে না? যদি কলকাতা এক হাজার টাকায় গ্যাস দিতে পারে, বাংলাদেশের জনগণকে কেন দুই হাজার ৫০০ টাকায় গ্যাস কিনতে হয়? এই উত্তর জ্বালানিমন্ত্রীকে দিতে হবে।’
দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, ‘যে ব্যর্থ বাংলাদেশ আপনারা তৈরি করেছেন, এই ব্যর্থ বাংলাদেশের দায় সরাসরি তারেক রহমানকেই নিতে হবে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে বাজেট বাড়ানো হয়, দ্রব্যমূল্যের কিছু দাম বাড়ে। কিন্তু আমরা দেখলাম, বিএনপি সরকার বলল বাজেটের সময় নাকি কোনো কিছুর দাম বাড়েনি। অথচ উল্টো ঘটনা। বাজেটের আগে, বাজেটের পরে, এখনো পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম বাড়তির দিকে।’
মানবাধিকার পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। আখতার হোসেন বলেন, ‘সব জায়গায় ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে তারা উল্টো দিকে যাত্রা শুরু করেছে। আমরা চেয়েছিলাম, বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের পরে মানবাধিকার সুরক্ষার জন্য শক্তিশালী আইন হবে। কিন্তু এই সরকার শক্তিশালী আইন প্রণয়নের কথা বলে সবগুলো দুর্বল আইন প্রণয়ন করেছে, যাতে তারা ইচ্ছেমতো মানবাধিকার লঙ্ঘন করতে পারে। সেই পথ তারা প্রশস্ত করেছে।’
এ সময় সরকারের দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করে আখতার হোসেন বলেন, ‘স্পষ্ট করে সরকারের কাছে দাবি জানাতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশের মানুষের জীবন নিয়ে নয়ছয় করছেন। তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।


