...|...|...

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিরূপ মন্তব্য

ফজলুর রহমানকে জরুরিভিত্তিতে ডাক্তার দেখাতে বললেন শিশির মনির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৫
Shares
ফজলুর রহমানকে জরুরিভিত্তিতে ডাক্তার দেখাতে বললেন শিশির মনির

ফজলুর রহমানকে জরুরিভিত্তিতে ডাক্তার দেখাতে বললেন শিশির মনির। ছবি: টাইমস টুডে

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ আখ্যা দিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন আইনজীবী শিশির মনির। ফজলুর রহমানের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে জরুরিভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় শিশির মনির এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এইসব কথা বলেন আপনি? কী ধরনের রুচি আপনার? জরুরিভিত্তিতে ডাক্তার দেখান।

এর আগে শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।

বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় একসময় দেশের বহু কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী তৈরি করেছে। জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, মোজাফফর আহমেদ চৌধুরী, আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ুন আহমেদের মতো ব্যক্তিরা এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন।

ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় শিক্ষার মাধ্যমে মানুষের মুক্তির পথ দেখিয়েছে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়টির যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা তাকে হতাশ করেছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও নিজামীর ছবি টাঙানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, সেখানে তাদের জাতির নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

বক্তব্যের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন ফজলুর রহমান। এমন পরিস্থিতিতে সেখানে শিক্ষকতা করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।