ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, যে বিশ্ববিদ্যালয় একসময় দেশের মুক্তি, শিক্ষা ও মননশীলতার পথ দেখিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা তাকে হতাশ করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ভূমিকার কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, এই বিশ্ববিদ্যালয় একসময় দেশের বহু কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী তৈরি করেছে। জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, মোজাফফর আহমেদ চৌধুরী, আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ুন আহমেদের মতো ব্যক্তিরা এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় শিক্ষার মাধ্যমে মানুষের মুক্তির পথ দেখিয়েছে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়টির যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে তিনি চিন্তিত। তার ভাষায়, এইটা এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও নিজামীর ছবি টাঙানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও নিজামীর ছবি টাঙানো হয়, সেখানে তাদের জাতির নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
বক্তব্যের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন ফজলুর রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সেখানে শিক্ষকতা করারও প্রয়োজনীয়তা নিয়ে তার প্রশ্ন রয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে একটি পরিবারের সদস্যদের কবর খোঁড়ার প্রসঙ্গ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ওই ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন রাতে তিনি ঘুমাতে পারেননি।


