টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সারভর্তি একটি ট্রাক পুকুরে পড়ে গেছে। এতে ট্রাকে থাকা সারের বস্তা পানিতে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। স্থানীয় ডিলারের দাবি, এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল থেকে ৩০০ বস্তা সার নিয়ে মির্জাপুরের উদ্দেশে রওনা দেয় ট্রাকটি। শুক্রবার সকালে এটি ভাওড়া সরকারপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে ভাওড়া ইউনিয়নের সারের ডিলার মেসার্স আমজাদ এন্ড সন্সের সত্ত্বাধিকারী মো. আমজাদ হোসেন বলেন, ঘোড়াশাল থেকে ৩০০ বস্তা সার নিয়ে ট্রাকটি বৃহস্পতিবার রাতে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকালে ভাওড়া সরকারপাড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাকের একটি চাকা সড়কের ঢালু জায়গায় পড়ে আটকে যায়। মুহূর্তেই ওই জায়গার মাটি ধসে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়।
এর ফলে ট্রাকে থাকা ৩০০টি সারের বস্তা পানিতে ডুবে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে আমাদের সরকারি বাজারমূল্য অনুযায়ী ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে যাওয়া সারগুলো ওই ইউনিয়নের ৩টি সাব-ডিলারকে দেয়ার কথা ছিল। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আকস্মিক এই দুর্ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ডিলার আমজাদ হোসেন।
আকস্মিক এই প্রাকৃতিক ও সড়ক দুর্ঘটনার কারণে সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ বা প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়ে ডিলার মো. আমজাদ হোসেন আরও বলেন, সরকারি বরাদ্দের এই সারগুলো সম্পূর্ণ আকস্মিক দুর্ঘটনার শিকার হয়ে নষ্ট হয়েছে। একজন বৈধ ডিলার হিসেবে এই বড় ধাক্কা সামাল দেওয়া আমার জন্য কঠিন। তাই ক্ষতিগ্রস্ত এই সারের সরকারি মূল্য মওকুফ বা এর যথাযথ ক্ষতিপূরণ পেতে আমি সরকারের সংশ্লিষ্ট দফতরের নিকট জোর দাবি জানাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, ঘটনার সংবাদ পেয়ে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার সকল তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তিনি সরকারি কোনো সহযোগিতা পাবেন কিনা এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে ওই ইউনিয়নে সার সংকট দেখা দিলে সে বিষয়ে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধারের কাজ চলমান রয়েছে। উদ্ধার হলে ট্রাকটি থানা হেফাজতে রাখা হবে।


