...|...|...

রংপুর

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন

জামানত হারালেন ইসলামী আন্দোলনের প্রার্থী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৮
Shares
জামানত হারালেন ইসলামী আন্দোলনের প্রার্থী

ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খাদেমুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম। একই নির্বাচনে জামানত হারিয়েছেন আরও দুই প্রার্থী। তারা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আসনটির ১৮৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৩ হাজার ৩৩০টি। নির্বাচনী বিধি অনুযায়ী, জামানত রক্ষা করতে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত এক-অষ্টমাংশ পেতে হয়। সেই হিসাবে এ নির্বাচনে জামানত রক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে ৪১ হাজার ৬৬৭ ভোট পেতে হতো।

কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন মাত্র ৩ হাজার ২৮৯ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।

অন্যদিকে, নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৩৩০ জন। বাতিল ভোট বাদে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি। এ আসনে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।

নির্বাচনী বিধি অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে কোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ হিসাবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়া বাকি তিনজনই জামানত হারিয়েছেন।