ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের মাঠে ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেল ভিন্ন এক চিত্র। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ছুটে যান বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দেলাওয়ার হোসেনের বাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই নেতার মধ্যে কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নির্বাচনের আগে ভোটের মাঠে দুজনের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা, ছিল রাজনৈতিক বক্তব্য ও নানা আলোচনা। কিন্তু ফলাফল ঘোষণার পর তাদের এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
সাক্ষাৎকালে সাংবাদিকদের সাথে আলাপ করেন দুই প্রার্থী। তাদের কথপকথনে উঠে আসে নির্বাচন, পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ নিয়ে নানা বিষয়।
ভোটের লড়াই শেষ হলেও পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান যে বজায় থাকতে পারে, দুই নেতার এই সাক্ষাৎ যেন তারই একটি উদাহরণ।
ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী রাজনীতিতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

