...|...|...

রাজনীতি

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৮
Shares
শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

ছবি: সংগৃহীত

শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

রাশেদ খান বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করবে, অন্যদিকে শিশির মনিরকে ওই হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে, এটি দ্বিচারিতা। তিনি বলেন, জামায়াতের এই অবস্থান জনগণের কাছে স্পষ্ট।

তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠন মাঠে নেমেছিল। শিবির ও এনসিপিও কর্মসূচি পালন করেছে। কিন্তু একই সময়ে আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

রাশেদ খান আরও বলেন, শিশির মনির জামায়াতের আইনজীবী এবং একইসাথে তিনি দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষে হাইকোর্টে শুনানি করেছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা দেন, হাইকোর্টের রায় যাই হোক, আপিল বিভাগে এ মামলায় কোনো আসামির পক্ষে তিনি আর মামলা পরিচালনা করবেন না।

এদিকে, আওয়ামী লীগ প্রসঙ্গে রাশেদ খান বলেন, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।