ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ গ্রেফতারের পর সেই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবির আল রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাবির আল রাসেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সাথে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুর উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে জাবির আল রাসেল ও কামাল হোসেন নয়ন নামে দুজনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাসেল ও কামাল হোসেন নয়নকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার জাবির আল রাসেল রাজাপুর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আরেক গ্রেফতার কামাল হোসেন নয়ন উপজেলার মনোহরপুর ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে রাসেলকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ইয়াবাসহ আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
ঝালকাঠি জেলা যুবদলের সদস্য আনিচুর রহমান খান বলেন, দলের কমিটিতে থেকে মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


