বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য আসা জার্মান পর্যটক কিরিলের (১৮) ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগ চুরি হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কিরিল জানান, তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহারে আসেন। সান্তাহার থেকে বাংলাবান্ধাগামী ট্রেনে করে নাটোরে পৌঁছান। নাটোর থেকে আরেকটি ট্রেনে করে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এজন্য তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।
এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তার কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলে। একপর্যায়ে কিরিল ওই যুবককে বিশ্বাস করেন। পরে সুযোগ বুঝে ওই যুবক তার ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পরে কিরিল নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, কিরিলের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করা হচ্ছে।


