...|...|...

রাজধানী

ঢাকার ৫০ সিগন্যালে বসছে এআই ক্যামেরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৫
Shares
ঢাকার ৫০ সিগন্যালে বসছে এআই ক্যামেরা

ছবি: এআই

রাজধানীর যানজট কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে। পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি সরকারের এসব উদ্যোগের কথা তুলে ধরেন।

সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতিবছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। এর প্রধান কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর ফলে আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজটও অনেকটা কমেছে।

এ পরিস্থিতিতে ঢাকার সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরাসম্পন্ন নতুন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী ইতোমধ্যে বিভিন্ন স্থানে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। তবে সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি। সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যে এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলকভাবে অনেক কমে আসবে।

বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যেকোনো বড় রাজধানীতেই সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময় দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে, যা বাংলাদেশেও স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এ ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, এরই মধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

মনোরেলের সুবিধা তুলে ধরে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার ভেতর দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।